ময়মনসিংহ সংবাদদাতা :
ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি সুইজগেট এলাকায় পানিতে ভাসমান একটি ড্রাম থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি সুইজগেটের পানিতে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। ড্রামের ভেতর বস্তাবন্দি অবস্থায় আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ বস্তায় মুড়িয়ে ড্রামের মধ্যে রেখে পানিতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স